রংপুর ভয়েস ২৪ ডেস্ক:
মোবাইল অ্যাপে পরিচয়। এরপর প্রায় এক বছর ধরে নিয়মিত কথাবার্তা ও যোগাযোগ। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আয়ান ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে দুই পরিবারের সদস্যদের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান ইসলামের আগের নাম ছিল ঝাওহুইয়ান। তার বাড়ি চীনের সিচুয়ান প্রদেশের পিংচাং কাউন্টির ইয়াঙ্কু টাউনশিপের তুবা গ্রামে। অন্যদিকে, নববধূ আবিদা সুলতানার বাড়ি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামে।
জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঝাওহুইয়ানের সঙ্গে আবিদা সুলতানার পরিচয় হয়। পরিচয়ের পর নিয়মিত কথাবার্তা ও যোগাযোগের মাধ্যমে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।
পরে আবিদাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ঝাওহুইয়ান। সেই সিদ্ধান্ত অনুযায়ী চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম আয়ান ইসলাম রাখেন। পরে দুই পরিবারের সম্মতিতে স্থানীয়ভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
চীন থেকে আসা যুবকের ইসলাম গ্রহণ ও বাংলাদেশি তরুণীকে বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।